প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Apr 6, 2026
ভোলায় নারী কর্মী কে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃ
ভোলায় এক নারী কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোলা জেলার বাসিন্দা বিবি সাওদা (৩৭) সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করার কারণে গ্রেফতার হয়েছেন বলে দাবি করা হয়েছে।
জামায়াত নেতাদের অভিযোগ, গত ৫ এপ্রিল রাতে ভোলা সদর মডেল থানা এলাকার তার নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে আটক করে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয় এবং জেল হাজতে রাখার আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মতপ্রকাশের কারণে একজন নারীকে এভাবে গ্রেফতার করা উদ্বেগজনক। তারা দাবি করেন, ৫৪ ধারার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দেওয়ার কারণে গ্রেফতারের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির মাস্টার জাকির হোসেন, জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি হারুনুর রশিদ, পৌর আমির মো. জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতারা বিবি সাওদার অবিলম্বে মুক্তির দাবি জানান।