প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Jun 19, 2026
গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যোদ্ধা পরিবারের পাশে ফয়সাল আহমেদ
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের গফুরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ জন ব্যবসায়ী এবং জুলাই আন্দোলনের যোদ্ধা, বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন মহিউদ্দিনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বড়মানিকা ইউনিয়নের কৃতি সন্তান হাফেজ মো. ফয়সাল আহমেদ।
শুক্রবার জুমার নামাজের পর ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় তিনি সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বড়মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কয়েকটি পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া ঈদুল আজহার আগে একটি পরিবারের মেয়ের বিয়ের জন্য লালন-পালন করা দুটি গরু চুরি হয়ে গেলে সেই পরিবারের পাশেও দাঁড়ান ফয়সাল আহমেদ এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।
একই দিনে বড়মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি জামে মসজিদের উন্নয়নের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।
সহায়তা প্রদানকালে ফয়সাল আহমেদ বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা কিংবা সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, “আমি সবসময় বড়মানিকা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। সমাজের বিত্তবানদেরও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।
সহায়তা গ্রহণকারী ব্যবসায়ী ও পরিবারগুলোর সদস্যরা ফয়সাল আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কঠিন সময়ে তার এই সহযোগিতা তাদের নতুন করে আশা ও সাহস জুগিয়েছে।
এ সময় বড়মানিকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, হাফেজ মো. ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় কার্যক্রম, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এ মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।