প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Oct 3, 2026
শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় - এডভোকেট আতিকুর রহমান
ভোলা প্রতিনিধিঃ
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দায়িত্বশীল শিক্ষাশিবির ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক অধ্যাপক হারুনুর রশিদ খান এবং ভোলা জেলা প্রধান উপদেষ্টা মাস্টার মো. জাকির হোসাইন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মো. বেলায়েত হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ শর্ত। ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন এবং সময়মতো পারিশ্রমিক প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উৎপাদনশীলতার পেছনে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ অনেক ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে মালিক ও শ্রমিক উভয়ের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
বক্তারা ইসলামের ইতিহাস থেকে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ইসলামী আদর্শে পেশা বা সামাজিক অবস্থানের ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারণ করা হয় না। হজরত বেলাল (রা.) ও যায়েদ ইবনে হারেসা (রা.)-এর জীবনের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে তারা বলেন, যোগ্যতা, আমানতদারি ও দায়িত্ব পালনের ভিত্তিতেই মানুষের মূল্যায়ন হওয়া উচিত।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নৈতিক ও সামাজিক উন্নয়নের দিকেও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সংগঠনের দায়িত্বশীলদের শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
শিক্ষাশিবিরে শ্রমিকদের অধিকার ও দায়িত্ব, ইসলামী শ্রমনীতি, শ্রমিক কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।