প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Oct 26, 2025
মেট্রোরেল পিলারের অংশ পড়ে প্রাণ গেল পথচারীর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায়। তিনি জলিল চোকদারের ছেলে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। তিনি নিয়মিত ব্যবসায়িক কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।
পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন।
দুর্ঘটনার ২৪ ঘণ্টারও কম সময় আগে শনিবার রাতে আবুল কালাম তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন— “ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”
আজ তার মৃত্যুর পর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তারেক আজিজ নামে এক ব্যক্তি পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন, “সি এম আজাদ আবুল কালাম ভাইয়ের ফেসবুকের শেষ পোস্ট। আজ মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে তিনি নিহত হয়েছেন। কিছু মৃত্যু মেনে নিতে সত্যিই কষ্ট হয়।”