প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Oct 27, 2025
নওগাঁর আত্রাইয়ে পাটচাষিরা খুশি, ন্যায্য মূল্য পেয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
উত্তরাঞ্চলের শস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় এ মৌসুমে পাট চাষিরা খুশিতে আছেন। অনাবৃষ্টির কারণে পাট জাগ দেওয়ার সময় চাষিরা কিছু ভোগান্তি পোহাতে হলেও এবার ভালো উৎপাদন ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। বর্তমান বাজারে ভালো মানের পাট বিক্রি হচ্ছে প্রতি মণ ৩২শ টাকা দরে, আর নিম্নমানের পাটের মূল্য ২৫শ থেকে ২৮শ টাকা পর্যন্ত।
উপজেলার কৃষক আব্দুর রহমান জানান, “এবার পাটের ফলন ভালো হয়েছে এবং দামও ভালো হওয়ায় লোকসানে পড়ছি না।” অন্য কৃষক টিপু সুলতান বলেন, “মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় উদ্বিগ্ন ছিলাম, তবে পরে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো থাকায় আগামী বছর আরও বেশি জমিতে পাট চাষ করব।”
আহসানগঞ্জ হাটে পাট কিনতে আসা ব্যবসায়ী তরিকুল আলম জানান, “বাপ-দাদার আমল থেকে আমরা পাটের ব্যবসা করছি। প্রতি হাটে ট্রাক ভরে পাট কিনি। এবার দামের কিছুটা বৃদ্ধি লক্ষ্য করেছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছর পাটের ফলন ও বাজার মূল্য উভয়ই ভালো হওয়ায় চাষিরা পুনরায় পাট চাষে আগ্রহী।