প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Oct 29, 2025
মনপুরায় জেলেদের খাদ্য সহায়তায় অনিয়মের অভিযোগ
মহিবুল্লাহ ইলিয়াছ
মনপুরা (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফ চাল প্রকৃত জেলেদের হাতে না পৌঁছে গিয়ে ইউএনও অফিসের স্টাফদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে স্থানীয়রা ইউএনও অফিসের কয়েকজন কর্মচারীকে খাদ্য গুদাম থেকে চার বস্তা সরকারি চাল নিয়ে যাওয়ার সময় আটক করে। পরে উপজেলা প্রশাসন আরও তিন বস্তা চালসহ মোট সাত বস্তা সরকারি চাল জব্দ করে খাদ্য গুদামে সংরক্ষণ করেছে।
স্থানীয় সূত্র জানায়, মনপুরার পাঁচটি ইউনিয়নের প্রশাসকরা ইউএনও অফিসের স্টাফদের নামে মোট ১,৮০০ কেজির বেশি সরকারি চাল বরাদ্দ দিয়েছেন। হাজিরহাট, মনপুরা, কলাতলী, দক্ষিণ সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের প্রশাসকরা বিভিন্ন পরিমাণে চাল বরাদ্দ করেছেন।
জেলেদের অভিযোগ, “সরকার প্রতি বছর আমাদের জন্য চাল দেয়। কিন্তু এবারও প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের নাম ব্যবহার করে জেলেদের চাল আত্মসাতের চেষ্টা করেছেন। আমরা নদীতে মাছ ধরি অথচ আমাদের জন্য বরাদ্দিত চাল আমরা পাই না।”
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের প্রশাসক মো. আশরাফ হোসেন বলেন, “আমি আমার ইউনিয়নের জেলেদের চাল ১৫ দিন আগেই দিয়েছি। ইউএনও অফিসের স্টাফদের দেওয়া ঠিক নয়।”
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, “স্থানীয়দের কাছ থেকে চাল আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাত বস্তা চাল জব্দ করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্ত ও যারা সরকারি খাদ্য সহায়তা আত্মসাতের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।