প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 2, 2025
নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা
মেঘনা দর্পন ডেস্কঃ
নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেষ হওয়ার পথে নারী ওয়ানডে বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে আজ (রোববার) মুম্বাইয়ে নামছে এই মহারণের পর্দা। ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। দু’দলই প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।
আট দলের বিশ্বকাপ এখন সঙ্কুচিত হয়ে দাঁড়িয়েছে দুই দলে। বিকেল সাড়ে ৩টায় গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ। দু’দলের কেউই আগে বিশ্বকাপ জেতেনি।
ভারতীয় নারীরা এর আগে দু’বার (২০০৫ ও ২০১৭ সালে) ফাইনালে খেললেও, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নারী দল এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। দুর্দান্ত পারফরম্যান্সে তারা এখন শিরোপার অন্যতম ফেবারিট।
এবারের আসরে প্রথমবার এমন এক ফাইনাল হচ্ছে, যেখানে নেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো কোনো প্রাক্তন চ্যাম্পিয়ন দল। ফলে নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব।
ফাইনালে ওঠার পথটা দু’দলের জন্যই ছিল কঠিন। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এরপর টানা পাঁচ ম্যাচ জিতে জায়গা করে নেয় সেমিফাইনালে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, সেমিফাইনালে প্রতিশোধ নেয় ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে।
ভারতও পেরিয়েছে কঠিন সময়। গ্রুপ পর্বে জিতেছিল মাত্র তিন ম্যাচ। কোনো রকমে শেষ চারে জায়গা করে নেয় তারা। তবে সেমিফাইনালে রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারানোয় তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
নারীদের ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩৪ বার। এর মধ্যে ২০ ম্যাচে জিতেছে ভারত, ১৩ ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা, আর একটি ম্যাচ ছিল অনির্ধারিত।
তথ্য-পরিসংখ্যানে ভারতের পাল্লা কিছুটা ভারী হলেও, বিশ্বকাপ ফাইনাল সবসময়ই অনিশ্চয়তায় ভরা। ফলে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষায় পুরো ক্রিকেটবিশ্ব।