প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 5, 2025
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব
নিজস্ব প্রতিবেদকঃ
উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী মহা পিণ্ডদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের উজানী পাড়া বৌদ্ধ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় দিনব্যাপী এই ধর্মীয় উৎসব।
এতে বান্দরবানের দেড় শতাধিক বৌদ্ধ মন্দিরের প্রায় চার শতাধিক ভিক্ষু অংশ নেন। বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, দায়ক-দায়িকারা নতুন পোশাক পরে পূণ্যলাভের আশায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের মাঝে ভাতের পিণ্ডসহ নানান উপহার ও খাদ্যসামগ্রী উৎসর্গ করেন।
শহরের জাদী পাড়া, উজানী পাড়া, মধ্যম পাড়া ও রাজবাড়ি এলাকায় খালি পায়ে সারিবদ্ধভাবে ভিক্ষু ও ভক্তদের অংশগ্রহণে উৎসবটি রঙিন হয়ে ওঠে। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ভিক্ষুদের পিণ্ডদান করেন এবং বিভিন্ন মিষ্টান্ন ও খাবার দান করেন। এসময় বৌদ্ধ মূর্তিতে পূজা অর্পণ ও নগদ অর্থ দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
উৎসব দেখতে স্থানীয়দের পাশাপাশি বহু পর্যটক ও দর্শনার্থী ভিড় জমায় বান্দরবান শহরে।
আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। বর্ষাবাস শেষে কঠিন চীবর দান উৎসব ও পরবর্তীতে এই মহা পিণ্ডদান উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে বৌদ্ধ মন্দির ও পার্বত্য পল্লীগুলো সাজানো হয় রঙ-বেরঙের সাজে।
প্রচলিত আছে, গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বৌদ্ধ পল্লীতে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। সেই ঐতিহ্য অনুসরণ করেই বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায় যুগ যুগ ধরে এই পিণ্ডদান উৎসব পালন করে আসছে। এই উৎসব পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও থাইল্যান্ডেও পালিত হয়ে থাকে।