প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 5, 2025
একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’ — জবি শিবির সভাপতি
জবি প্রতিনিধি
"একটি বিশেষ পক্ষের মন রক্ষা করতে জকসু নির্বাচন পেছানো হয়েছে" বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। তফসিল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন ‘৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন কমিটি তৈরি করেছে, যারা নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। তবে নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পেছানোর জন্য জোরাজোরি করে।
তাদের মন রক্ষার্থে নির্বাচন কমিশন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগে ডাকসু, রাকসু ও চাকসু বানচালের জন্যও এই গোষ্ঠী ষড়যন্ত্র করেছে।’
অবশ্য পরবর্তীতে তিনি বলেন ' সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখে আমরা ২২ ডিসেম্বর নির্বাচন মেনে নিচ্ছি। তবে আমরা আশা করব নির্বাচন কমিশন তাদের এই পক্ষপাতমূলক আচরণ পরিহার করবে এবং সকল সংগঠনকে সমান সুযোগ দেওয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। '
উক্ত সংবাদ সম্মেলনে জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, বায়তুলমাল সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।