প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 5, 2025
চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
মেঘনা দর্পন ডেস্কঃ
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নেতা এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
কারা এই হামলার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, “এরশাদ উল্লাহকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সেখানে যাচ্ছি, পরে বিস্তারিত জানাব।”
এ ঘটনায় সরওয়ার বাবলা নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “গুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। আমি নিজেও হাসপাতালে যাচ্ছি।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারের সময় হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”
প্রসঙ্গত, এরশাদ উল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।