প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 7, 2025
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:
নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে বহুতল ভবন সহ ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগে ভস্মীভূত করা হয়েছে। এসময় বিএনপির অস্থায়ী পার্টি অফিসে ভাংচুর করা হয়। আগুন নেভাতে যেয়ে হামলার শিকার হয় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও দমকল বাহিনীর কর্মীরা।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বোয়ালমারীর ওয়াপদা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রিপোর্ট লেখার সময় সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলছিল বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সাবেক ভিপি ও বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকেরা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওয়াপদার মোড়ে আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে সেখানে বিকেলে নেতাকর্মী ও সমর্থকেরা সমবেত হচ্ছিল।
এসময় কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা মিছিল করে ওই এলাকা অতিক্রম করার সময় দু'পক্ষের মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে ঝুনুর সমর্থকেরা স্থান ছেড়ে সরে যাওয়ার পরে মিছিলকারীরা পাশেই কাজী হারুন শপিং কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে। এরপর সামনেই বিএনপির অস্থায়ী পার্টি অফিস ভাংচুরের ও অফিসের সামনে রাখা ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এসময় বোয়ালমারী ফাযার সার্ভিসের সেখানে আগুন নেভাতে গেলে অগ্নিনির্বাপক গাড়ির উপরেও হামলা চালাতে দেখা যায় উচ্ছৃঙ্খল কর্মীদের।