প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 8, 2025
আজ থেকে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদকঃ
দশম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে আজ শনিবার (৮ নভেম্বর) থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান।
দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই আন্দোলনে অংশ নিচ্ছে একাধিক প্রাথমিক শিক্ষক সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও কয়েকটি সংগঠন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।