প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 11, 2025
ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহিলা লীগ নেত্রীসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেন ওরফে ‘বোমা ফারুক’ (৬৭) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে জেলা যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও আটক করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল।
তিনি জানান, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ঝিলটুলী এলাকার একটি বহুতল ভবনের নিজস্ব ফ্ল্যাট থেকে বোমা ফারুক ও নাসরিন আক্তারকে গ্রেফতার করা হয়।
এসপি আব্দুল জলিল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছিলেন ফারুক হোসেন। তিনি ওই কর্মসূচির অন্যতম পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা হিসেবে কাজ করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর কাছ থেকে তিনি ৫ লাখ টাকা পেয়েছিলেন কর্মসূচি বাস্তবায়নের জন্য।
পুলিশ জানায়, ফারুক হোসেনের বিরুদ্ধে বর্তমানে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে। তাঁকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
প্রসঙ্গত, বাম হাতের মধ্যমা আঙুল বোমা বিস্ফোরণে বিচ্ছিন্ন হওয়ায় তিনি ‘বোমা ফারুক’ নামে পরিচিত। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। গত অক্টোবর মাসে ফেসবুকে এক পোস্টে তিনি নিজেকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে দাবি করেছিলেন।