প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 15, 2025
চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের বাজারে তিন বছর পর প্রথমবারের মতো খোলা সাদা চিনির দাম কেজিপ্রতি ১০০ টাকার নিচে নেমে এসেছে। বাজার ও ব্যবসায়ী সূত্র বলছে, আন্তর্জাতিক বাজারে দরপতন এবং আমদানির শর্ত শিথিল করার ফলে স্থানীয় বাজারে চিনির দাম কমতে শুরু করেছে। ধারাবাহিক এই প্রবণতা অব্যাহত থাকলে সামনে আরও কিছুটা দাম কমার সম্ভাবনাও রয়েছে।
রমজানকে ঘিরে সাধারণত তিন মাস আগে থেকেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিলেও এবার চিত্র ভিন্ন। রোজার তিন মাসেরও বেশি সময় বাকি থাকতে চিনির বাজারে স্থিতিশীলতা ও দামের পতন লক্ষ্য করা যাচ্ছে।
সর্বশেষ এক সপ্তাহে কেজিপ্রতি চিনি ১০ টাকা কমেছে। এতে প্রায় তিন বছর পর খোলা সাদা চিনির দাম ১০০ টাকার নিচে এসে বর্তমানে কেজিপ্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেট চিনি পাওয়া যাচ্ছে কেজি ১০০ টাকায়।
চিনির দাম বাড়ার সূচনা হয়েছিল ২০২০ সালে করোনা মহামারির সময়, যখন আমদানি–রপ্তানিতে জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে ডলার সংকট, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক বাজার অস্থিরতার কারণে চিনির দাম লাগামছাড়া হয়ে পড়ে। ২০২২ সালের অক্টোবরে প্রথমবার কেজিপ্রতি ১০০ টাকা ছাড়ানো চিনি ২০২৩ সালের শেষ দিকে খুচরা বাজারে সর্বোচ্চ ১৪৫ টাকায় পৌঁছে যায় এবং দীর্ঘদিন সেই দামেই বিক্রি হয়।
এরপর দাম কিছুটা কমে ১২৫ থেকে ১৩৫ টাকার মধ্যে ওঠানামা করছিল। তবে চলতি বছরের জুলাই থেকে বাজারে দামের ধারাবাহিক পতন দেখা যাচ্ছে, যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।