প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 16, 2025
বরিশালের বাবুগঞ্জের দুই মুক্তিযোদ্ধার গেজেট বাতিল
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর ১০০তম সভার সুপারিশের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুই ব্যক্তির মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১৩ নভেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরিশাল বিভাগের মোট ২৮ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। এর মধ্যে বাবুগঞ্জ উপজেলার দুইজন হলেন—রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের মো. আব্দুল মালেক খান (সেনাবাহিনী গেজেট নং ২৩৭৯) এবং চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের মো. রফিজ উদ্দিন মোল্লা (বেসামরিক গেজেট নং ১৮৫৪)।
মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনী গেজেট নং ২৩৭৯ এবং বেসামরিক গেজেট নং ১৮৫৪–এ তালিকাভুক্ত ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই ও পুনর্মূল্যায়নের পর তাদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই জামুকার সুপারিশ অনুযায়ী তাদের গেজেট বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে এবং তাদের নাম আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।