প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 18, 2025
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন জামায়াত নেতা মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া। সোমবার (১৭ নভেম্বর) দেওয়া ওই লেখায় তিনি তুলে ধরেন পরিবারের কঠিন সময়, ব্যক্তিগত মানসিক সংগ্রাম এবং বাবার বিচারপ্রক্রিয়াকে ঘিরে নানা ঘটনার স্মৃতি।
রাবেয়া জানান, তার বাবার রায় ঘোষণার সময় তিনি প্রথম সন্তান ধারণ করেছিলেন। জীবনের নতুন অধ্যায় শুরুর সেই মুহূর্তেই বাড়তে থাকে পুলিশি অভিযান, পরিবারে অস্থিরতা, ভাইয়ের গুম হওয়া–সহ দু’টি পরিবারজুড়ে ভয় ও অশান্তি। এমন পরিস্থিতিতে মা হওয়ার খবরটুকুই ছিল তাঁদের একমাত্র সান্ত্বনা।
তিনি লেখেন, সেই সময়ে বাবা এবং বাবার আইনজীবী আরমান ভাই দু’জনেই তার জন্য দোয়া করেছিলেন। আরমান নিয়মিত ভিজিটেশনের বাইরেও তার বাবার সঙ্গে দেখা করতে পারতেন।
রাবেয়া দাবি করেন, আন্তর্জাতিক মহলেও তখন চাপ ছিল। অনেকে মত দিয়েছিলেন—মীর কাসেম আলী প্রকৃত অর্থে রাজনৈতিক ব্যক্তি নন, ১৯৭১ সালে তার বয়স ছিল মাত্র ১৯ বছর, অভিযোগগুলো অতিরঞ্জিত। তাদের বিশ্বাস ছিল, হয়তো মৃত্যুদণ্ড হবে না; অন্তত আজীবন কারাদণ্ড হলেও দেখা করার সুযোগ থাকত। কিন্তু রায় ঘোষণার পর সেই আশা আর বেঁচে থাকেনি।
তিনি বর্ণনা করেন, রায় ঘোষণার পর বাবার বিজয়চিহ্ন দেখানো ছিল অত্যন্ত বেদনাবিধুর মুহূর্ত। গর্ভাবস্থায় অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি ভেঙে পড়েন। এরপর সংকীর্ণ ভ্যানে অমানবিকভাবে তাকে কনডেম্নড সেলে নেওয়া হয়।
রাবেয়া আরও জানান, জেলগেটের সামনে আইনজীবী আরমানের কান্নার দৃশ্য আজও তার মনে গেঁথে আছে। চরম মানসিক চাপের সেই সময়েই তিনি নিজের অনাগত সন্তানকেও হারান।
স্ট্যাটাসে তিনি পুরো ঘটনাপ্রবাহকে জীবনের সবচেয়ে ভারী ও বেদনাময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।