প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 21, 2025
পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু
মেঘনা দর্পন ডেস্কঃ
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বংশালের কসাইটুলিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের তীব্র কম্পনের সময় হঠাৎ করে ভবনটির রেলিং নিচে পড়ে যায়। এসময় সড়ক দিয়ে হাঁটা তিন পথচারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, “ভূমিকম্পের সময় পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।”
শুক্রবার সকালে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের পর রাজধানীসহ বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।