প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 24, 2025
খাগড়াছড়িতে ছাত্রশিবির নেতা-কর্মীদের বিএনপিতে যোগদানের ‘মিথ্যা তথ্য’ প্রচারের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদকঃ
ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন—এমন ‘ভিত্তিহীন ও বানোয়াট’ তথ্য প্রচারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি মো. আব্দুস ছাত্তার ও সেক্রেটারি আবু ইউসুফ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, সাবেক জেলা সেক্রেটারি মো. রুবেল দীর্ঘদিন ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকলেও শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালের মে মাসে তার দায়িত্ব স্থগিত করা হয়। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বছরের নভেম্বরে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর রুবেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ৫ আগস্টের পর থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও নিয়মিত অংশ নিচ্ছেন বলেও নেতৃবৃন্দ দাবি করেন। বর্তমানে তার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নিজেদের রাজনৈতিক দুরবস্থা কাটাতে এবং দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে ‘যোগদান নাটক’ সাজিয়েছে। নিজেদের কর্মীদের ফুল দিয়ে বরণ করে তা ছাত্রশিবির নেতা-কর্মীদের যোগদান হিসেবে প্রচার করা রাজনৈতিক প্রতারণা বলে তারা মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, একজন বহিষ্কৃত ব্যক্তিকে সামনে এনে বিভ্রান্তি ছড়ানোর এ অপপ্রয়াস ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে ছাত্রশিবির। তারা আরও অভিযোগ করেন, স্থানীয় ও জাতীয় কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই এ বিষয়ে অসত্য তথ্য প্রচার করছে, যা সাংবাদিকতার নীতির লঙ্ঘন।
ছাত্রশিবির নেতৃবৃন্দ জানান, খাগড়াছড়ি জেলা বিএনপিতে ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী যোগ দেননি। তারা সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপিকে অপরাজনীতি বাদ দিয়ে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসার পরামর্শ দিয়েছেন।