প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 3, 2025
ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন আশা
নিজস্ব প্রতিবেদকঃ
ইরানের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে নুইয়ে পড়া অর্থনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল সোনা ভান্ডার যেন দেশটির জন্য আশার আলো হয়ে এসেছে। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ইরানের পুরোনো সোনাখনি শাদান এলাকায় আবিষ্কৃত হয়েছে বিশাল পরিমাণ সোনা মজুত।
নতুন এই আবিষ্কারকে ইরানের অর্থনীতির জন্য এক বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শাদান খনিতে পাওয়া এই সোনা দেশটির বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে সহায়তা করবে এবং জাতীয় অর্থনীতিতে নতুন গতির সঞ্চার ঘটাবে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক মন্দার মধ্যে এই সাফল্য ইরানের জন্য ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হতে পারে।
স্থানীয় সূত্রগুলো বলছে, আবিষ্কৃত সোনার পরিমাণ উল্লেখযোগ্য হওয়ায় এটি খনিজসম্পদ খাতে নতুন বিনিয়োগের পথও খুলে দিতে পারে। সরকার ইতোমধ্যে খনি উন্নয়ন ও উত্তোলন কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে ভাবছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই সোনা ভান্ডার ইরানের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর একটি বাস্তব সুযোগ এনে দিতে পারে, যদিও নিষেধাজ্ঞা ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।