প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 4, 2025
পুনরায় পেছালো জকসু নির্বাচন
আবু বকর আবির,
জবি প্রতিনিধি
ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে টানা দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে পুনরায় একাডেমিক কার্যক্রমে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ক্যাম্পাস বন্ধ থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের একাধিক গুরুত্বপূর্ণ ধাপ নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। এতে প্রার্থীদের ডোপ টেস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ বিভিন্ন নির্বাচনী কর্মসূচি স্থগিত থাকে।
এ অবস্থায় জকসু নির্বাচনের পূর্বঘোষিত তফসিল আংশিক সংশোধন করে নতুন সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত তফসিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখতে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৯ ও ১০ ডিসেম্বর এ কার্যক্রম সম্পন্ন হবে এবং এ দায়িত্ব পালন করবে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর এবং প্রত্যাহার শেষে প্রার্থীদের তালিকা ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী প্রার্থীরা ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ দিন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরদিন অথবা একই দিন রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য থাকে যে, এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা থাকলেও ভূমিকম্পজনিত পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে নির্ধারিত দিন পরিবর্তন করে নতুন করে তারিখ নির্ধারণ করা হয়।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় নির্ধারিত কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংশোধিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত তারিখেই জকসু নির্বাচন আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।