নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অপরাধ ও অনিয়মের প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর না হয়ে সরকারকে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রতিবাদকে স্বাগত জানানো একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেন, সাম্প্রতিক অন্তত দুটি ঘটনায় সরকার অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধেই কঠোর অবস্থান নিয়েছে। এতে পরোক্ষভাবে অপরাধ ও অনিয়ম প্রশ্রয় পাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার পর তার তাৎক্ষণিক প্রতিবাদে দেওয়া বক্তব্যকে মুখ্য করে তোলা হয়েছে। পরবর্তীতে তার ও তার পরিবারের ব্যাংক হিসাব চাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ছাড়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দীর্ঘ সময় হয়রানির শিকার যাত্রীদের প্রতিবাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ ভ্রমণের পর যাত্রীরা প্রতিবাদে অমার্জিত আচরণ করে থাকলে তা অনাকাঙ্ক্ষিত হতে পারে; তবে এর কারণে গ্রেপ্তারের ঘটনা রাষ্ট্রের নিপীড়ক চেহারাকে সামনে নিয়ে এসেছে বলে তিনি মন্তব্য করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, অপরাধ ও অন্যায়ের প্রতিবাদকারীদের হেনস্তা করা হলে অপরাধী ও অন্যায়কারীরা উৎসাহিত হয়। এতে রাষ্ট্রের অত্যাচারী হয়ে ওঠার পথ তৈরি হতে পারে। তাই প্রতিবাদকারীদের ওপর কঠোর না হয়ে সরকারকে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিবাদ জানিয়ে সরকারকে এ ধরনের মানসিকতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।