নিজস্ব প্রতিবেদকঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ফেস্ট–২০২৫-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় নারী শিক্ষার্থীদের সঙ্গে গালিগালাজ, মারমুখী আচরণ এবং এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ইমাম হোসেন স্বজনের বিরুদ্ধে। তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচিত।
ঘটনাটি ঘটে গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফিন্যান্স ফেস্ট–২০২৫-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়। অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়—ফিনফেস্ট ১০.৫ কিলোমিটার রান (ম্যারাথন) ও জব ফেয়ার। সাংস্কৃতিক অনুষ্ঠানে উভয় ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণের সময় এ ঘটনার সূত্রপাত হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ক্রেস্ট বিতরণে বৈষম্য করা হয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা ক্রেস্ট পেলেও জব ফেয়ারে যুক্ত শিক্ষার্থীরা ক্রেস্ট পাননি। এ বিষয়ে প্রতিবাদ জানালে ইমাম হোসেন স্বজন তাঁদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারার জন্য তেড়ে আসেন। এ সময় ৫২তম আবর্তনের এক শিক্ষার্থীকে তিনি প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন—তানজীন নুসরাত মুনা, রওনক জাহান তানিশা ও মো. নাসিমুল ইকবাল হোসেইন। তারা সবাই ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলেন, “একটি পাবলিক প্লেসে নারী শিক্ষার্থীদের প্রতি এমন হুমকি ও অশালীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক নিয়ম অনুযায়ী ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত ইমাম হোসেন স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করে সরাসরি কথা বলবেন জানান। তবে পরবর্তীতে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।