নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল্লাহ বারী (৩২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন (৩০) নামে তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে। তিনি রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদ্রাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের চারমাথা চত্বরে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মখলেছুর রহমান মুকুল ও তার ভাই পলাশের সঙ্গে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর বাকবিতণ্ডা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার পরও অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাইফুল্লাহ বারীর ওপর হামলা চালায়। এ সময় পলাশ লোহার শাবল দিয়ে তার গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হামলার সময় সাইফুল্লাহর সঙ্গে থাকা সালাউদ্দিনকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের বন্ধু মোবাশ্বের জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে সাইফুল্লাহ বারীকে হত্যা করে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।