মোঃ নোমান,
তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় গত ২৬ মে সংঘটিত কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের উদ্যোগে এবং সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকার পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘব এবং তাদের বসতঘর পুনর্নির্মাণে সহায়তা করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ কাজী হারুনুর রশিদ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসীম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত, তজুমদ্দিন উপজেলা সমন্বয়ক মোঃ লোকমান হোসাইন এবং মোঃ নোমান।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে টিন তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা নাগরিক উন্নয়ন ফোরাম ও ব্যারিস্টার আব্দুর রহমান খোকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।
স্থানীয়রা বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নাগরিক উন্নয়ন ফোরাম মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।