নিজস্ব প্রতিবেদকঃ
দেশজুড়ে বিচারকদের বাসস্থান, আদালত ও যাতায়াতের পথে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। এই দাবি পূরণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সংগঠনটি জানিয়েছে—সুরক্ষা নিশ্চিত না হলে বিচারকদের কলম বিরতিতে যেতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিজেএসএ সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, রাজশাহীর সাম্প্রতিক হত্যাকাণ্ডে বিচারকদের নিরাপত্তা প্রদানে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রেফতার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে হাজির করে অপেশাদার আচরণ প্রদর্শনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করে লিমন নামের এক যুবক। নবম শ্রেণিতে পড়ুয়া সুমন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। হামলার পর লিমনও আহত অবস্থায় ধরা পড়ে।
হত্যাকাণ্ডের ঘটনায় বিচারক সমাজে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলেন, বিচার বিভাগকে নিরাপদ না রাখলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই অবিলম্বে সারা দেশে বিচারকদের নিরাপত্তা জোরদারের দাবি জানায় বিজেএসএ।