মেঘনা দর্পন ডেস্কঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় এক বছর আগেই সব আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার সেই তালিকায় বড় ধরনের পরিবর্তন এনে আরও চমক নিয়ে আসতে যাচ্ছে দলটি। সূত্র জানায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কিংবা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
প্রথম দফায় ঘোষিত তালিকায় দলের পক্ষ থেকে প্রায় ৮০ শতাংশ আসনে তরুণ নতুন মুখকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এসব প্রার্থী বর্তমানে নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে দলটি আগেই জানিয়েছিল—এগুলো চূড়ান্ত নয়।
দলীয় সূত্র মতে, এবার চূড়ান্ত তালিকায় দলীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, আলেম, পেশাজীবী, নারী ও তরুণ ছাত্র নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। আন্দোলনরত আট দলীয় জোটের (সংখ্যা আরও বাড়তে পারে) সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
গত ৪ নভেম্বর ওমরাহ পালন শেষে দেওয়া এক ব্রিফিংয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা এক বছর আগেই আঞ্চলিক পর্যায়ে প্রার্থী তালিকা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটি সময়মতো কেন্দ্র থেকে ঘোষণা করা হবে।”
এদিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার ‘আমার দেশ’কে জানান,
“ডিসেম্বরের প্রথম দিকে বা তফসিলের আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আগে ঘোষিত তালিকায় পরিবর্তন আসতে পারে।
আগামী নির্বাচনে নতুন প্রার্থী, তরুণ নেতৃত্ব এবং বিভিন্ন পেশাজীবীর অন্তর্ভুক্তির মাধ্যমে চমক দেখাতে প্রস্তুত জামায়াতে ইসলামী। তফসিল ঘোষণার আগেই কোন কোন নতুন মুখ চূড়ান্ত তালিকায় স্থান পান—তা এখন রাজনৈতিক অঙ্গনে আগ্রহের কেন্দ্রবিন্দু।