নিজস্ব প্রতিবেদকঃ
বর্তমান প্রশাসনের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চান, তফশিল ঘোষণার আগে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে—এই প্রশাসনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব কি না।
জবাবে শেখ আব্দুর রশীদ বলেন, “আমি তো এখনো আশাবাদী। করা যাবে, ইনশাআল্লাহ।”
ডিসিদের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তৈরি হয়। কোনো অবস্থার মধ্যে পড়লে সেই অভিজ্ঞতা গড়ে ওঠে। তারা যদি সঠিক পথে চলেন এবং চলতে পারেন—এটি আমরা যদি নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, শতভাগ সফল হবেন, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।