ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটে ভোলা জেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে সমাবেশে পরিণত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামী’র আমীর মাস্টার জাকির হোসেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও ন্যায়ের পক্ষে একটি আন্দোলন পরিচালনা করছে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ই এই সংগঠনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি জনাব কাজী হারুনুর রশীদ। তারা বলেন, জামায়াতে ইসলামী সর্বদা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কাজ করে আসছে। দমন-পীড়ন ও বাধা-বিপত্তি উপেক্ষা করেও সংগঠনটি ইসলামী আদর্শের পথে এগিয়ে যাচ্ছে।
সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। পুরো কর্মসূচি জুড়ে শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।