নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধিদল ডাকসু ভবনে পৌঁছালে সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উভয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণায় পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এ সময় যৌথভাবে কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গৃহীত হয়— এর মধ্যে রয়েছে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন এবং বিজ্ঞানভিত্তিক ‘ঢাবি–ইইউ ইনোভেশন সামিট’।
এছাড়া জুলাই বিপ্লব-পরবর্তী রাজনীতিতে তরুণদের ভূমিকা, গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
মতবিনিময় শেষে রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধিদল ডাকসু ভবনে স্থাপিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেন।
উভয় পক্ষই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক সুযোগ সৃষ্টিতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।