নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল শীঘ্রই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার মতে, পেপ্যাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ী ও ফ্রিল্যান্সাররা বৈশ্বিক বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারবেন এবং আয়ের টাকা অত্যন্ত দ্রুত দেশে আনতে সক্ষম হবেন।
মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে এলসি খুলে ক্ষুদ্র চালানে পণ্য রপ্তানি করা উদ্যোক্তাদের জন্য বেশ জটিল ও সময়সাপেক্ষ। পেপ্যাল চালু হলে এসব ঝামেলা কমে যাবে এবং ক্ষুদ্র রপ্তানিকারকেরা ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশে সহজে পণ্য পাঠাতে পারবেন।
অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদান রাখায় ৮ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাঁচ শতাধিক আবেদন যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করে আয়োজক কর্তৃপক্ষ। গভর্নর বলেন, প্রযুক্তিনির্ভর ব্যবসা এগিয়ে নিতে আন্তর্জাতিক মানের পেমেন্ট গেটওয়ে দেশের জন্য অত্যন্ত জরুরি, আর পেপ্যাল চালু হলে ডিজিটাল অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে।