তজুমদ্দিন প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকাসহ কপিল চন্দ্র দাস (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই ২০২৬) দিবাগত রাতে উপজেলার আড়ালিয়া গ্রামের পঞ্চায়েত নগর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কপিল চন্দ্র দাস উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর এলাকার হিমাংশু চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তজুমদ্দিন থানার এসআই (নিরস্ত্র) আর এম জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সবুজের ওয়ার্কশপের সামনের পাকা রাস্তা থেকে কপিল চন্দ্র দাসকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।