নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে পুলিশের হাতে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও ছাত্রশক্তির নেতা অয়ন রহমান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আটক এনসিপির অঙ্গ সংগঠন ছাত্রশক্তির নেতা অয়ন রহমানকে গুম করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।
বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা ঝিনাইদহের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সংবাদ সম্মেলনে যোগ দিতে আসেন। এসময় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে এনসিপি নেতা তারেক রেজার নামে একটি মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, একই মামলায় শনিবার রাতে যশোর থেকে এনসিপির অঙ্গ সংগঠন ছাত্রশক্তির নেতা অয়ন রহমানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। তাকে রোববার বিকালে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, যুবশক্তির নেতা অয়ন রহমানকে গুম করা হচ্ছে বলে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছিল। আমরা কাউকে গুম করার পক্ষে না, গুমের অভিযোগ ভিত্তিহীন। অয়ন রহমানকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আইনগত প্রক্রিয়া মেনে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া অয়ন রহমানকে আটক প্রক্রিয়ার সময় তার বাবা, মা ও বোনকে পুলিশের পক্ষ থেকে অবহিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানর ওসি মো. আসাদউজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।