নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনা সদরদপ্তরে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় ঘোষণার দিন নাশকতা চালানোর চেষ্টা করতে পারে—এমন উদ্বেগের কারণেই অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে আদালত এলাকায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। রায় ঘোষণা উপলক্ষে আদালত প্রাঙ্গণ ও ট্রাইব্যুনালের আশপাশে কঠোর নজরদারি এবং বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।