মেঘনা দর্পন ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ডিবিকে (গোয়েন্দা পুলিশ)।
বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অশালীন ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ফ্যাসিস্ট সরকার পতনের পর (৫ আগস্ট) থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিএনপি এবং এর নেতাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালিয়ে আসছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর তিনি যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
বাদীর অভিযোগ, এ ধরনের মন্তব্যের মাধ্যমে বিএনপি ও যুবদলের ভাবমূর্তি সমাজের কাছে ক্ষুণ্ণ হয়েছে এবং এটি সরাসরি মানহানিকর।