নিজস্ব প্রতিবেদক :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত এক সভায় পুলিশের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সভায় বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সুপাররা (এসপি) বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে। তবে পর্যাপ্ত যানবাহনের সংকট রয়েছে। একই সঙ্গে জনবল সংকটের কারণে অতিরিক্ত জনবল বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
এসপিরা আরও বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে তা আইনশৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ তৈরি করবে। এই পরিস্থিতিতে মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োজন।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রসঙ্গে তারা বলেন, বিগত নির্বাচনগুলোতে পুলিশের জন্য বরাদ্দ বাজেটে বৈষম্য ছিল। আসন্ন নির্বাচনে বাজেট বাড়ানো জরুরি। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা প্রয়োজন।
এদিকে সভায় জেলা প্রশাসকরা (ডিসি) বলেন, মাঠপর্যায়ে এখনো উল্লেখযোগ্য সংখ্যক বৈধ অস্ত্র রয়েছে। এসব অস্ত্র দ্রুত রিকভারি করতে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
সভায় অংশগ্রহণকারীরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।