বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে পালিত হয়েছে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫’। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে বোরহানউদ্দিন হ্যালিপ্যাডের পশ্চিম পাশে গবাদিপশুর আধুনিক পালন ও স্বাস্থ্য সুরক্ষার বার্তা নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায়, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র দাস। তিনি প্রাণীসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগ গ্রহণ ও প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোসা. নাজনীন। তিনি প্রাণীসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, টিকাদান, উন্নত খাদ্য ব্যবহার এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপায় তুলে ধরেন।
প্রদর্শনীতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, খামার প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক নানা উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়। এতে অংশগ্রহণকারী খামারিরা নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শনের সুযোগ পান এবং একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, টগবী ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারিরা।
এই প্রদর্শনী স্থানীয় খামারিদের নতুন উদ্দীপনা জুগিয়েছে এবং প্রাণীসম্পদ খাতের উন্নতির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।