মেঘনা দর্পন ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।
শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, “জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। একটি রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নতির মূলভিত্তি হলো উপযুক্ত শিক্ষা ব্যবস্থা।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে লক্ষ্য করেছিলাম, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেছিলেন। তিনি কেবল ঘরে বসে রাজনীতি করেননি; তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলেছিলেন।”
তিনি আরও বলেন, “এখনও তিনি লন্ডনে থেকেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন, তাদের কথা শুনছেন। রাষ্ট্র সংস্কার নিয়ে যে আলোচনা বর্তমানে চলছে, সেটি তারেক রহমান আড়াই বছর আগেই উপস্থাপন করেছেন। তাই বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই।”