নিজস্ব প্রতিবেদকঃ
ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ৩টার দিকে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের ব্যানারে এই সমাবেশে অংশ নেন ভোলা ও বরিশালের হাজার হাজার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য ভোলা–বরিশাল সেতু এখন সময়ের দাবি। সেতু হলে ঢাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং পর্যটন খাতেও আসবে গতি। বহু বছর ধরে দাবি জানানো হলেও এখনো প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায়—এ বিষয়টি তারা দুঃখজনক বলে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, ভোলার বিশাল জনসংখ্যা, কৃষি উৎপাদন, মাছ ও গ্যাসসম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবুও অবকাঠামোগত উন্নয়নে এ অঞ্চল বারবার উপেক্ষিত হচ্ছে।
সমাবেশ থেকে দ্রুত ভোলা–বরিশাল সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি সেতুটি জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।