ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুঁইয়া মোনামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট যেন থামছেই না। এবার সে তালিকায় যুক্ত হলো ঢাবির শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদলের কর্মী নাসির উদ্দীন সুমনের নাম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফেসবুকে ভাঙা দাঁড়িপাল্লা হাতে এআই দিয়ে বানানো শিক্ষিকার আপত্তিকর ছবি পোস্ট করেন তিনি। সেটার ক্যাপশনে তিনি লিখেন, “এই সমস্ত জিনিস যারা বানায় তাদের প্রতি নিন্দা জানাই। আল্লাহ রাব্বুল আলামেন সমস্ত ফেতনা থেকে আমাদের হেফাজত করুন।”
তবে ছবিটি নিয়ে তৈরী হয়েছে বিপুল সমালোচনা। এই পোস্টের মন্তব্যে ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. সাকিব বিশ্বাস বলেন, পোস্টটা ডিলিট করো, নাছির। তুমি অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন ছেলে। তোমার এসব পোস্ট থেকে বিরত থাকা উচিত।
শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন বলেন, তিনি আপনার ইউনিভার্সিটির টিচার।। আপনি একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার পরেও যে এলাকার ছাপড়ি গুলোর মতো এগুলো পোস্ট করতেছেন, তা কতটুকু শোভা পায়।
তিনি প্রশ্ন রেখে বলেন, আপনার পরিবারের কাউকে নিয়ে এমনটা করতেন?
এ বিষয়ে জানার জন্য নাসির উদ্দীন সুমনের নাম্বারে একাধিকবার কল দিয়ে ও খুদে বার্তা প্রেরণ করেও তার সাড়া পাওয়া যায় নি।