নিজস্ব প্রতিবেদকঃ
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১,৮৭০ জন কর্মকর্তাকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২১ নভেম্বর) মধ্যরাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. আবদুল কুদ্দূস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী কর্মকর্তাদের ৬ষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে উন্নীত করে স্ব-স্ব কর্মস্থলে/দপ্তরে/ইনসিটু হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
গত ১৬ নভেম্বর থেকে পদোন্নতির দাবিতে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন শুরু করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ। টানা কর্মবিরতির কারণে সারাদেশের সরকারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।
অবশেষে দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে এবং চলমান সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় ১,৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে। শিক্ষা ক্যাডারের ইতিহাসে এটি একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পদোন্নতির অন্যতম উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।