বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মামা ভাগ্নে একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বগুড়ার আফতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া সদর উপজেলা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মামা ভাগ্নে একাদশ ১-০ গোলে স্কর্ট একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলফাজ হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হুসাইন সাঙ্গদী, আলহাজ মো. দেলোয়ার হোসেন, আলহাজ মোয়াজ্জেম হোসেন এবং শ্রমিক নেতা আলিফ মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনি শেখ, আহসান হাবিব, নান্নু প্রামাণিক, তৌহিদুল ইসলাম শাহীন, আলহাজ হোসেন প্রাং, নয়ন প্রাং, বুলবুল আহম্মেদ, লিপন শেখসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “কাজের পাশাপাশি শরীর সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে।”
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে খাসি এবং রানার্সআপ দলকে রাজহাঁস পুরস্কার হিসেবে প্রদান করেন।