বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়নে কোরআনের হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বড়মানিকা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজন এবং দরগার হাট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের শুরুতে কোরআনের হাফেজরা একত্র হয়ে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন, যা মসজিদের পরিবেশকে অত্যন্ত আবেগময় ও পবিত্র করে তোলে।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী। তিনি দোয়া অনুষ্ঠানে বলেন, “আপনারা সবাই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করুন। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। মসজিদ, মন্দির ও প্যাগোডাসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার দোয়া—এটাই প্রমাণ করে বেগম জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী।”
দোয়া-মনাজাত পরিচালনা করেন বোরহানউদ্দিন কাসেমীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাইদুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আমিনুল ইসলাম জামাল, বড়মানিকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক লালমিয়া সিকদার, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক জিয়া মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ফকির, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ মসজিদের সাধারণ মুসল্লিবৃন্দ।
মাহফিলের সমাপ্তিতে বিশেষ মোনাজাত করা হয় খালেদা জিয়ার সুস্থতা, জাতির শান্তি, দেশের উন্নতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায়।