মেঘনা দর্পন ডেস্কঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলা দায়ের করা হয়। এতে মোট ১১,৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এর মধ্যে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৩৯ ধারার অপরাধে ৪৬ ধারায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় তিনজন ব্যক্তিকে যথাক্রমে ১,০০০ টাকা, ৪০০ টাকা ও ১৫০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই গাজীপুরের পরিদর্শক (মেট্রোলজি) মহিউদ্দিন ওয়ারেছী, এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলামিন ভূঁইয়া।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—
১. মেসার্স উত্তরা ফিলিং স্টেশন
২. সজীব, পিতা সতীশ, বান্দাখোলা
৩. মহসিন, পিতা ওয়াজউদ্দিন, গাড়ারিযা, নাগরী
৪. আবু তাহের, পিতা মন্জুর, জুগলী
জনস্বার্থে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।