আবু বকর আবির,
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনের ব্যাপারে ভুল তথ্য উপস্থাপন করার অভিযোগে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ কে নির্বাচন কমিশন কর্তৃক আনুষ্টানিকভাবে শোকজ (show-cause) নোটিশ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন-অফিস থেকে ২ ডিসেম্বর (মঙ্গলবার) পাঠানো অফিসিয়াল প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ডঃ মোস্তফা হাসান স্বাক্ষরিত ওই শোকজ নোটিশে বলা হয়, ২৭/১১/২০২৫ তারিখে একটি সংবাদ সম্মেলনে এই প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ব্যাপারে বেশ কিছু মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিষয়ে অত্যন্ত মানহানিকর, উস্কানিমূলক, বিভ্রন্তকর বক্তব্য প্রদান করা হয়েছে যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালার সুস্পষ্ট পরিপন্থী। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের কাজ দ্বিতীয়বার করার জন্য নিষেধ করা হয়। এ ছাড়া আগামী ৩ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্যানেলের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যৌক্তিক কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয়।
একই প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট অনুলিপি পাঠানো হয়েছে। কপি প্রাপকদের তালিকায় রয়েছে: প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), ডেপুটি রেজিস্ট্রার ও রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা — যাতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা দ্রুত গ্রহণ করা যায়।
অবশ্য 'অদম্য জবিয়ান ঐক্য প্যানেল' থেকে এখনো এ ব্যাপারে কোন অফিসিয়াল বিবৃতি আসেনি। তবে এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়েও প্রশ্ন তুলছেন৷