মেঘনা দর্পন ডেস্কঃ
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই–জেআইসি সেলের গুম-খুন এবং জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তাকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জন আসামির নাম রয়েছে।
সকাল ১০টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার বিশেষ কারাগার থেকে কঠোর নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এ মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ গ্রেফতারি পরোয়ানা ফেরত-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন, পলাতক আসামিদের বিষয়ে স্টেট ডিফেন্স নিয়োগ এবং অন্যান্য প্রক্রিয়া নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
হাজির হওয়া ১৩ সেনা কর্মকর্তা হলেন—
র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা একই ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং পলাতক আসামিদের হাজির করতে সাত দিনের মধ্যে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।