নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলিগঞ্জ এলাকায় গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কর্মী শান্তকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আজ বুধবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “রাজশাহীতে আমাদের কর্মী শান্তকে নির্মমভাবে হত্যা করা নিঃসন্দেহে একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলা। এই বর্বর হত্যাকাণ্ড মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। নিহত শান্তর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি।”
তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত—তাদের পরিচয় যাই হোক না কেন, অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা শাস্তি না পেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে এবং অরাজকতা সৃষ্টি হবে। রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “ঘটনার পেছনে যাদের হাত রয়েছে—তাদের দ্রুত শনাক্ত ও আটক করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।”
শান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।