নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফের হ্নীলা ইউনিয়নে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামারি কোনাপাড়ায় শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাড়িতে এই অভিযান পরিচালনা করে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও নৌবাহিনী কনটিনজেন্ট টেকনাফ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার বসতবাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১০টি গ্রেনেড, গোলাবারুদসহ বিভিন্ন দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনী সূত্রে জানা গেছে। অভিযানের সময় লম্বা মিজান পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।