নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৬৫ জন নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দলটি। গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন সময় বহিষ্কার ও স্থগিত হওয়া এসব নেতার আবেদন পর্যালোচনা করে শাস্তি তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা পুনরায় দলীয় কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।
শাস্তি প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক মোছা. ইন্দোনেশিয়া সিটু, নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুর কাইয়ুম সরকার, সুনামগঞ্জের কয়েকটি উপজেলা বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতারা, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেওয়ার হোসেন, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী, গাজীপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বরগুনা, ঝিনাইদহ, দিনাজপুর, ফেনী, শেরপুর, খুলনা, ঝালকাঠি, নীলফামারী, লালমনিরহাট, কুমিল্লা, নওগাঁ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
দলটি জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নেতা-কর্মীদের পুনরায় সংগঠিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।