নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। শুক্রবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে গেলে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা দূরত্ব বজায় রেখে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদের চিনতে পেরেছেন, আমরা সালাম দিলে তিনি জবাবও দিয়েছেন।”
গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মেডিকেল বোর্ড তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।