নিজস্ব প্রতিবেদক
দলের দুঃসময়ে প্রায় ১৭ বছর ধরে কাজ করেও মূল্যায়ন না পাওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের একজন নেতা চমকপ্রদভাবে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি দুধ দিয়ে গোসল করে নিজেকে ‘পবিত্র’ ঘোষণা করেন।
পদত্যাগকারী এই নেতার নাম মোহাম্মদ তুষার আলী। তিনি জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের খচাবাড়ি বাজারে নিজের দোকানের সামনে দুধ দিয়ে গোসল শেষে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
ঘটনার পর তুষার আলী বলেন,
“দীর্ঘ ১৭ বছর ধরে দলের কঠিন সময়ে কাজ করেছি। নানা সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি। তারপরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমান সময়ে এসে দেখলাম, আমার ত্যাগের কোনো মূল্য নেই। দল আমাকে কোনোভাবে মূল্যায়ন করেনি। এতে আমি গভীরভাবে কষ্ট পেয়েছি।”
তিনি আরও বলেন,
“মনে হলো এতদিনের রাজনীতিতে হয়তো কিছু পাপ জমেছে। তাই দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করলাম এবং রাজনীতি থেকে সরে দাঁড়ালাম।”
জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন,
“তুষার আলী আমাদের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেন পদত্যাগ করেছেন, তা আমি এখনো জানি না। তার সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।”